করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর শনিবার রাতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বার্সেলোনা। মায়োর্কার মাঠ থেকে ফিরেছে ৪-০ গোলের বড় জয় নিয়েই।
আর এই জয়ে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসির। এক গোলের পাশাপাশি করিয়েছেন দুটি। যার মাধ্যমে দারুণ এক রেকর্ডও গড়ে ফেলেছেন মেসি।
ম্যাচের ৩৬ মিনিটে মার্টিন ব্রাথওয়েট এবং ৭৯ মিনিটে জর্দি আলবার গোলে এসিস্ট করেছিলেন তিনি। তখনও পর্যন্ত গোল করতে পারেননি তিনি।
অবশেষে ম্যাচের ইনজুরি টাইমে লুইস সুয়ারেজের এসিস্টে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। চলতি লিগে বার্সেলোনা অধিনায়কের এটি ২০তম গোল।
এর মাধ্যমে , লা লিগার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১২ মৌসুমে ২০ বার তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ও হলেন মেসি।
সর্বপ্রথম ২০০৮-০৯ মৌসুমে ৩১ ম্যাচ থেকে ২৩ গোল করেছিলেন মেসি। সেই থেকে এখনও পর্যন্ত চলছে গোলের ধারাবাহিকতা। ২০১১-১২ মৌসুমে মাত্র ৩৭ ম্যাচেই গোলের ফিফটি করেছিলেন তিনি। এটিও একটি রেকর্ড, যা টিকে রয়েছে এখনও।
কোন মৌসুমে মেসির কত গোল?
- ২০০৮-০৯: ৩১ ম্যাচে ২৩ গোল
- ২০০৯-১০: ৩৫ ম্যাচে ৩৪ গোল
- ২০১০-১১: ৩৩ ম্যাচে ৩১ গোল
- ২০১১-১২: ৩৭ ম্যাচে ৫০ গোল
- ২০১২-১৩: ৩৪ ম্যাচে ৪৬ গোল
- ২০১৩-১৪: ৩১ ম্যাচে ২৮ গোল
- ২০১৪-১৫: ৩৮ ম্যাচে ৪৩ গোল
- ২০১৫-১৬: ৩৩ ম্যাচে ২৬ গোল
- ২০১৬-১৭: ৩৪ ম্যাচে ৩৭ গোল
- ২০১৭-১৮: ৩৬ ম্যাচে ৩৪ গোল
- ২০১৮-১৯: ৩৪ ম্যাচে ৩৬ গোল
- ২০১৯-২০: ২৩ ম্যাচে ২০ গোল (চলমান)

