মানবতাবিরোধী অপরাধে দায়ী হতে পারেন সু চি: ইয়াংহি লি




রাখাইনে নিপীড়ন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে দেশটির নেত্রী অং সান সু চি ব্যর্থ হয়েছেন বলে মনে করেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। রোহিঙ্গাদের নিপীড়নে সহযোগিতা কিংবা তা বন্ধে কিছু করতে না পারার অভিযোগে তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন।
জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি স্পস্ট করেই বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নে জাতিহত্যার সব ধরনের আলামত পাওয়া যায়। গত বুধবার চ্যানেল ফোর নিউজ তাদের বিশেষ সংবাদদাতা জনাথন মিলারের নেওয়া সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে।
রোহিঙ্গাদের জাতিগত পরিচয় মুছে ফেলার অংশ হিসেবে সেখানে গণহত্যা চালানো হয়েছে কি না, জানতে চাইলে ইয়াংহি লি বলেন, ‘অবশ্যই। কাউকে গণহত্যায় অভিযুক্ত করতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তা নির্ধারণ করতে হয়। তাই আমি শুধু এটুকু বলতে পারি, এখানে গণহত্যার আলামত রয়েছে।’ তাঁর মতে, রোহিঙ্গাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে নিপীড়ন চালিয়ে তাদের পরিচয় মুছে ফেলতে সমন্বিতভাবে চেষ্টা চালানো হয়েছে।
মিয়ানমার গত বছরের ডিসেম্বরে ইয়াংহির বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ আনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এখন আর দেশটিতে যেতে পারছেন না। এ নিয়ে জানতে চাইলে ইয়াংহি লি বলেন, ‘তারা বলছে আমি পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিরুদ্ধ। যতবারই আমি আমার বিরুদ্ধে আনা অভিযোগের কারণ জানতে চেয়েছি, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। যখন আমি বললাম তারা রোহিঙ্গা, তখনই মিয়ানমার সরকার বলেছে, আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। তাদের এই বক্তব্য আমি মানতে পারি না। এটাই কি আমার পক্ষপাতদুষ্ট আচরণ?’
ইয়াংহি লি বলেন, ‘যখন আমি বললাম সেখানে বিচারবহির্ভূত হত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা ঘটছে। মিয়ানমার সরকার বলল, আমরা এসব কখনোই করিনি।’ তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছে, তা নিয়ে দেশটির সেনাবাহিনী আর অং সান সু চির অবস্থান একই মেরুতে বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত।
রোহিঙ্গাদের এই সংকটে সু চির অবস্থানকে কীভাবে দেখেন, জানতে চাইলে ইয়াংহি লি মনে করেন, হয় তিনি পরিস্থিতি অস্বীকার করছেন অথবা প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে আছেন। কিন্তু বিশ্ব তো তাঁকে মানবাধিকার আর গণতন্ত্রের দেবী হিসেবে বিবেচনা করে এসেছে। তিনি আরও বলেন, সু চি একজন রাজনীতিবিদ ছাড়া কিছুই নন।
সু চিকে দোষী হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়ে মত জানতে চাইলে ইয়াংহি লি বলেন, ‘ওই নিপীড়নে জড়িত থাকা অথবা কিছুই না করার জন্য দায়ী হতে পারেন সু চি। আমি সেই আশঙ্কা করি। আমিসহ এশিয়ার প্রত্যেকের জন্য তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তাই বিষয়টি অত্যন্ত হতাশার।’
রাখাইনে যে পরিমাণ রোহিঙ্গার প্রাণহানির কথা বলা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশিসংখ্যক লোক মারা গেছে। কিন্তু তাদের তথ্য নেই। তাই এখন যেমন গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে আরও গণকবর পাওয়ার আশঙ্কা করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত।
আরও পড়ুন; রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক