মালিবাগে বিস্ফোরণ পুলিশ সদস্য সহ আহত ২


paperslife

ঢাকার মালিবাগ মোড়ে রোববার রাত ৯টার দিকে এক বিস্ফোরণে পুলিশ সদস্য সহ দুইজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে এটি হাতবোমা ছোড়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আহত ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার ভাবলী (২৮) এবং রিকশা চালক লাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে দায়িত্তরত ট্রাফিক সার্জেন্ট এনামুল হক জানান যে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তার পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে কেউ হাতবোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় আহত রাশেদার বাঁ পায়ে এবং লাল মিয়ার মাথায় জখম হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, মালিবাগ মোড়ে পেট্রোল পাম্পের উল্টো দিকে ফ্লাইওভারের নিচে এসবির একটি গাড়ি পার্ক করা ছিল। তার পেছনে একটি পিকআপ ছিল। হঠাৎ পিকআপে বিস্ফোরণ ঘটে এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়।

সেসময় ওই পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপনের সরঞ্জাম এনে কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো হয়। এই পুলিশ কর্মকর্তা জানান, কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।