নড়াইলে চালু হয়েছে ‘ডক্টরস সেফটি চেম্বার’। নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত অর্থায়ন ও পরিকল্পনায় সদর হাসপাতালের সামনে এর উদ্বোধন করা হয়।
করোনাভাইরাস বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকে সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।
জানা যায়, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় করবেন এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন।
এ সময় কোনো রোগীর শরীরে তাপমাত্রা করোনা উপসর্গের সাথে মিলে পাওয়া গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে। আউটডোরে এবং জরুরি বিভাগে আসা রোগীরাও এখান থেকেই সেবা নিবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে।
এর আগে এমপি মাশরাফি নড়াইলে করোনা মোকাবিলায় ইতিপূর্বে চিকিৎসক ও সেবিকাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন, সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন।

