মাশরাফির অধিনায়কত্বের ইতি জয় দিয়েই হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অসাধারণ জয়ে অধিনায়ক হিসেবে ৫০তম জয় দিয়ে নেতৃত্ব শেষ করেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন নতুন ইতিহাস গড়া বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।
তিনি বলেন, মাশরাফি ভাইয়ের শেষ অধিনায়কত্বে একটা ‘উইনিং নোট’ দিতে চেয়েছি আমরা। পুরো টিম চাচ্ছিলাম একটা ভালো ফলাফল করতে, সেটা হয়েছে।
ডাবল সেঞ্চুরি করার কোনো পরিকল্পনা ছিলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, প্রথম টার্গেট ছিল ৩০ ওভার খেলার। ওই পরিকল্পনায় ব্যাটিং করি। এরপর শতরান করার পর খেলার ধরণ পরিবর্তন করি। যে কারণে শর্ট খেলতে হয়েছে এবং সফল হয়েছি। তবে ডাবল সেঞ্চুরির করার সুযোগ ছিল। কিন্তু ডাবল সেঞ্চুরির চিন্তা নিয়ে মাঠে নামিনি। যেহেতু আমি জিরো থেকে ব্যাটিং করছিলাম।
তামিম মাঠে কি বলেছিলেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, যখন ৮০ রান করেছি। তখন বোলাররা খুব ভালো করছিল। আমি ও তামিম ভাই সিঙ্গেলও নিতে পারছিলাম না। তখন আমি মারকুটে ব্যাট চালাচ্ছিলাম। তামিম ভাইয়ের মোটিভেশন ছিল সময় গেলে রান আসবে, চারও আসবে। সেটা গেলো আমার সেঞ্চুরির আগে। যখন ১২০/১২২ এর দিকে ব্যাট করছিলাম। তখন বলেছিলেন, এমন কিছু করে রাখ, যেনো বাংলাদেশের হয়ে টিকে থাকে। অবশ্য বিগত খেলায় নার্ভাসনেস কাজ করলেও শুক্রবারের খেলায় মোটেও নার্ভাস ছিলাম না।
ম্যাচে ১৭৬ রান করে আগের ম্যাচে তামিমের করা ১৫৮ রানের রেকর্ড ইনিংস টপকে যান লিটন দাস।যা ছিল একজন বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি ছক্কায় সাজান তার ইনিংস।

