করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে আগামী এক মাসের জন্য দেশের স্থলবন্দরগুলো দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
অবশ্য এদিনই স্থলবন্দরগুলোতে ছিলো যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে নিষেধাজ্ঞা কার্যকরের ১২ ঘণ্টা আগে সকালেই বন্ধ করে দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী প্রবেশ। এতে দুর্ভোগে পড়েন ভারতগামী যাত্রীরা।
এ বিষয়ে যাত্রীরা বলেন, সিল মারার পর আমরা যখন ভারতে এন্ট্রি করতে যাচ্ছি তখন ওরা বলছে কোন ভাবেই যাওয়া যাবেনা। ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে ছিলো তারাই যেতে পারছে অন্যরা পারছে না। শুক্রবার বিকেলে শুধু মেডিকেল ভিসাধারীদের ভারতে প্রবেশের সুযোগ দেয়া হয়। একইদিন সকাল থেকেই বেনাপোল বন্দরে উপচেপড়া ভিড় দেখা গেছে ভারতগামী যাত্রীদের।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর থেকে একমাসের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারির খবরে অনেকেই তড়িঘড়ি করে পশ্চিমবঙ্গে যান। তবে এখনো পন্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক আছে।

