দেশে করোনা সংকটের কারণে সীমিত পরিসরে আজ সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী ও কর্মকর্তা মাস্ক পরিহিত ছিল। সেইসাথে সকলেই নিজ দূরত্ব বজায় রেখে আলাদা আলাদা টেবিলে বসেছেন।
উক্ত বৈঠকের এক ভিডিও ফুটেজে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে দেখা গেছে। সবাই মাস্ক পরা ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ আরও কয়েকজন সচিবকেও মাস্ক পরিহিত অবস্থায় ভিন্ন ভিন্ন টেবিলে বসে থাকতে দেখা গেছে। অন্য সময় সব মন্ত্রী বৈঠকে থাকলেও এই বৈঠকে শুধু যাদের আলোচনা ছিল তারাই এসেছিলেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১১ লাখ ১৮ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ১৫৯ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে।
সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। মারা গেছেন ১৩ জন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এরপর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

