বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-এ কাটছে সময়। শুরুর দিকে করোনায় মাস্ক ব্যবহারে গুরুত্ব পাওয়া না গেলেও এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) মাস্ক ব্যবহারের নতুন পরামর্শ দিয়েছে।
করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যের শরীরে তা ছড়ানোর ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, সুস্থ মানুষের মাস্ক পরার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই বলে যুক্তি ধরেছিল। তবে করোনার সংক্রমণ ঠেকাতে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বেশ কয়েকটি দেশে বাধ্যতামূলক করা হয়েছে। বেশ কয়েকটি দেশে মাস্ক ব্যবহার না করলে শাস্তির বিধান রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রধান মারিয়া ভ্যান কারখোভ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে আমরা মাস্কের বিষয়টি সুনির্দিষ্ট করে দিচ্ছি।’
কারখোভ বলেন, ‘আমাদের কাছে নতুন গবেষণার তথ্য আছে। তাতে দেখা গেছে, সঠিকভাবে মাস্ক ব্যবহার করা হলে তা সংক্রামণ ঠেকানোর কাজ করতে পারে।’
সংস্থার পক্ষ থেকে সব সময়ই বলা হয়েছে, যারা অসুস্থ বা করোনা উপসর্গ দেখা দিয়েছে এবং আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন তাদের জন্য মেডিকেল মাস্ক পরা আবশ্যক।

