মায়ের ওড়না গলায় জড়িয়ে যশোরের অভয়নগরে এক যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, তোফাজ্জেল হোসেন সরদার রুবেল (২৬) নামের ওই যুবক উপজেলার একতারপুর গ্রামের তালতলা এলাকার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন সরদারের ছেলে।
বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুবেলের লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
নিহতের বাবা জানান, বুধবার দুপুরে রুবেল পরিবারের সঙ্গে দুপুরের খাবার শেষ করে নিজ ঘরে চলে যায়। বিকাল আনুমানিক ৫টার সময় রুবেলের মায়ের মোবাইল কল পেয়ে আমি বাড়িতে ছুটে যাই।
বাড়িতে গিয়ে দেখি ছেলে রুবেলের গলায় ওর মায়ের ওড়না পেঁচানো আছে। নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। নামিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।
সন্ধ্যায় পুলিশ এসে লাশ থানা হেফাজতে নিয়ে যায়। তিনি দাবি করে বলেন, মাথায় সমস্যার কারণে তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, নিহত তোফাজ্জেল হোসেন সরদার ওরফে (গালকাটা) রুবেলের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যাসহ একাধিক মামলা ছিল।

