‘মা আমাকে মাফ করে দিও, ভবনে আগুন লেগেছে’


মা আমাকে মাফ করে দিও, ভবনে আগুন লেগেছে'

রাজধানীর বনানীতে বহুতল এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুর হাতছানির মধ্যেই, ফেসবুকে প্রিয়জনের কাছে আকুতি জানিয়েছিলেন এক হাসনাইন আহমেদ রিপন নামের যুবক। তবে নিহতদের মত করুণ পরিণতি বরণ করতে হয়নি তাকে।

বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে। তার ফেসবুক বন্ধুরা তার বেঁচে থাকার খবর নিশ্চিত করেছেন।

এফ আর টাওয়ারের ১৪ তলায় এই যুবক আটকা পড়েছিলেন। পরে বিকেলে ক্রেনের সাহায্যে তাকে উদ্ধার করা হয়।

ফেসবুকে ধোয়াভর্তি ঘরে একটি ছবি শেয়ার করে রিপন লেখেন, মা, মিনা, মিলন আপু, ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস।

শুধু রিপনই নয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ ভবনের ভেতরে আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছে।

এমনই একজন কর্মীর লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, সিড়ির জন্য তারা আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে জানাচ্ছেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী। নিহত ব্যক্তিরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।