মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। সঙ্গে সঙ্গে লেনদেনও কমেছে উভয় বাজারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫ দশমিক ৮ পয়েন্ট বা দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮২৭ দশমিক ৯৯ পয়েন্টে। দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৪৩ দশমিক ৮২ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। তবে দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৭ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৭৫১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৭৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪০৫ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত ছিল ৫২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭২ দশমিক ৮৩ পয়েন্টে উন্নীত হয়। ২৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৪১ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৬১৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৩ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা।