মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরুতে লেনদেনে কিছুটা চাঙ্গা ভাব থাকলেও পরে তা কমে যায়। দিন শেষে অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই। উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৩১৩ দশমিক ৭১ পয়েন্টে। তবে ৭ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭৩ দশমিক শূন্য ১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৫ দশমিক শূন্য ৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৬৮৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪০২ কোটি ৫ লাখ ৪৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪২৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত ছিল ৫২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩১ দশমিক ৩২ পয়েন্ট কমে ৯ হাজার ৯০১ দশমিক ৫১ পয়েন্টে নেমে যায়। তবে ৩৫ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০৪ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৬ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৭৭৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৯ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৫৭৬ টাকা।