‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে বিতর্ক




এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।  তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার ফলাফল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বিচারকদের রায়ে নয়, আয়োজকের পছন্দে নির্বাচন করা হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’!
জান্নাতুল নাঈম নামের যে প্রতিযোগীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, তিনি নাকি বিচারকদের পছন্দের তালিকায় ছিলেন না। যাচাই-বাছাই শেষে বিচারকেরা ভোট দিয়ে যাঁকে প্রথম নির্বাচিত করেছেন, আয়োজকের নির্দেশে উপস্থাপক তাঁকে দ্বিতীয় ঘোষণা করতে বাধ্য হন। এমন কাণ্ডে বিস্মিত হয়েছেন গ্র্যান্ড ফিনালের ছয় বিচারক।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে। এই ১০ জন হলেন রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল হিমি ও জেসিকা ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন তাঁরা। যিনি সেরা হয়েছেন, তিনি ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন।
নাম প্রকাশ না করার শর্তে দুজন বিচারক বলেন, ‘এটা খুব অন্যায় হয়েছে। আমাদের সবার কাছে যে প্রথম হয়েছে, তাকে প্রথম করা হয়নি। যাকে প্রথম করা হয়েছে, সে আমাদের প্রথম তিনজনের তালিকায়ও ছিল না। যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইভেন্ট, তাই আমরা এমন একজন প্রতিযোগীকে বাছাই করতে চেয়েছি, যে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পারবে। আমরা একবাক্যে জেসিকা ইসলামকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করি। গতকাল রাতে যা ঘটল, তা আমাদের জীবনে খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়ে থাকল। এত বড় একটা অন্যায় এভাবে হবে, ভাবতেও পারিনি।’
jannatul
ক্ষুব্ধ এই বিচারকেরা বলেন, ‘আয়োজকেরা যদি নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তো বিচারক হিসেবে আমাদের রাখার প্রয়োজন ছিল না। আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক। নাম ঘোষণার ওই মুহূর্তে এত মানুষের সামনে আমরা আয়োজকদের অপমান করতে চাইনি। এখন মনে হচ্ছে, তখন আমাদের এই কাজটি করা উচিত ছিল।’
‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধি পাঠাতে এই বাছাই প্রক্রিয়ার আয়োজন করেছিল অন্তর শো বিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।
বিচারকদের রায় পাল্টে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অন্তর শো বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এ বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। আয়োজক হিসেবে আমিই তো রায় দিব। আমিই পয়সা দিয়ে বিচারক নিয়োগ করেছি। এমন সব বিচারক নিয়োগ করেছি, যারা সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তাদের প্রভাবিত করার কোনো সুযোগ আমার নেই। বিচারকদের রায়েই জান্নাতুল নাঈম বিজয়ী হয়েছেন। আমরা আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠানের যাত্রা শুরু করেছি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি। এটি নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করা আসলেই দুঃখজনক।’
এদিকে এই প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করেছেন অনুষ্ঠানের উপস্থাপক শিনা চৌহান। তিনি বলেন, ‘আমার ঘোষণায় কোনো ভুল ছিল না। প্রথম থেকে আমাকে যা বলা হয়েছিল, তা-ই অনুসরণ করেছি। যে নামটা দেওয়া হয়েছে, সেটাই আমি ঘোষণা করেছি। পরে যেটা হয়েছে, সেটা আসলে আয়োজকদেরই কনফিউশন। তবে আয়োজকদের মধ্যে যে কনফিউশন ছিল, তা তাঁরা পরিষ্কার করে দেবেন বলে আমাকে জানিয়েছেন।’