রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
টিলারসন এসময় তার বক্তব্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতনের জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করেন এবং নিজ দেশের অবস্থানের কথা জানান। গত ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। এমন বাস্তবতায় দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি টিলারসন।
‘ওই এলাকায় (রাখাইন) সংঘটিত নৃশংসতা নীরব দর্শকের মতো দেখতে পারে না বিশ্ব’, বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সেনা কর্মকর্তা ও নৃশংসতায় জড়িতদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর আবার নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ৪৩ জন আইনপ্রণেতা।
পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের কাছে লেখা এক চিঠিতে কংগ্রেসেরন নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ওই সদস্যরা বলেন, রাখাইনে যা ঘটেছে তা দৃশ্যত অস্বীকারের চেষ্টা করছে মিয়ানমার কর্তৃপক্ষ। তাঁরা রাজ্যটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ প্রতিনিধি ফেদেরিকা মঘারিনি গতকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে ফোনে কথা বলেছেন। গত ১৬ অক্টোবর ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের বৈঠকের তথ্য তিনি সু চিকে জানিয়েছেন। তিনি এখনই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুরও আহবান জানান।
