পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু) বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাকে বানানো হয়েছে।’ ভোটে নির্বাচিত জনপ্রিয় নেতাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর না করার পরিণতি প্রসঙ্গে একথা বলেন তিনি।
মঙ্গলবার ইসলামাবাদে পাঞ্জাব হাউসে জড়ো হওয়া একদল আইনজীবীদের সঙ্গে নওয়াজ শরিফ এ কথা বলেন।
নওয়াজ শরিফ বলেন, ‘ রাষ্ট্র কর্তৃক তাকে আলাদা করে ফেলা আর ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি আমরাই।’
পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রী এবং জন প্রতিনিধিত্বের জন্য অনুপযুক্ত ঘোষিত হয়েছেন শেষ বছরে। এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণা থেকেও তাঁকে বিরত থাকতে হবে। ফলে তাকে ‘বিদ্রোহের দিকে’ ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন , ‘পাকিস্তান সৃষ্টিতে বাঙালিদের একটি কেন্দ্রীয় ভূমিকা ছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে সঠিক আচরণ করিনি এবং আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছি। বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি সততাপূর্ণ ও স্পষ্ট পর্যালোচনা তৈরি করেছিলেন। কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’
গত বছরের জুলাইয়ে ৬৭ বছর বয়স্ক নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে পাকিস্তান সুপ্রিম কোর্ট এক রায়ে তাকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করে। কারণ, তার আয়ের একটি উৎস সম্পর্কে স্বচ্ছতা ছিল না।
সুপ্রিম কোর্টের নিয়োগ করা আরেকটি প্যানেলও শরিফের পরিবারের সম্পত্তির সঙ্গে আয়ের গরমিলের কথা জানায়। এরপরই তার দুই ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তদন্ত চলে। নওয়াজ ও তার পরিবারের সদস্যরা শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রাথমিক ভাবে পানামা পেপার্স কেলেঙ্কারিতে আদালত থেকে ছাড় পেয়েছিলেন নওয়াজ শরিফ। তবে তার সম্পত্তির হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এতেই দেখা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রচুর সম্পত্তি আছে শরিফের। এরপর ফের তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)।
আরও পড়ুন; নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত
নওয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন শাহবাজ
পদত্যাগ করলেও ক্ষমতা নওয়াজের
প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত নওয়াজ
