মুম্বাইয়ে ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু




ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে ব্যাপক মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে  পুলিশ। টানা ভারি বর্ষণের কারণে শহরটিতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে এবং যান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়েছে।
তবে যেমনটি আশঙ্কা করা হয়েছিল বুধবার তার চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো আগের চেয়ে সহজ হয়েছে।
মঙ্গলবার মুম্বাইতে একদিনে প্রায় এক মাসের গড় বৃষ্টিপাতের সমান বৃষ্টি হয়েছে। এতে দেখা দেওয়া বন্যায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়।
পরেরদিনও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এতে শহরটির স্কুল-কলেজগুলো বুধবার বন্ধ রাখা হয়। কিন্তু এদিন অনেক এলাকায়ই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।
ভারতের আবহাওয়া বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা কে. এস. হোসালিকার বলেন, ‘শহর ও শহরতলীতে গত কয়েক ঘন্টায় অল্প বৃষ্টিপাত হয়েছে, গতকালের মতো ভারি বৃষ্টিপাত হয়নি। তবে আগামী কয়েক ঘন্টায় মুম্বাই ও সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, এর মধ্যে কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।’
বুধবার রাত থেকে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।