দল বাড়ছে বিপিএলে। গত আসরে সাতটি দল অংশগ্রহণ করলেও এবার নতুন আরেকটি দল যুক্ত হচ্ছে। নতুন নাম ‘সুরমা সিক্সেস’ নিয়ে যাত্রা শুরু করবে সিলেট। সেক্ষেত্রে নতুন আরেকজন আইকন ক্রিকেটার যুক্ত করতে হবে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। কে হবে নতুন এই আইকন ক্রিকেটার?
বিপিএল কমিটিও বসে নেই। নভেম্বরের ৪ তারিখে শুরু হওয়া টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তারা। অষ্টম আইকন ক্রিকেটার কে হবে সে নিয়ে কিছু খোলাসা না করলেও মুস্তাফিজের দিকেই ইঙ্গিত তাদের। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল মল্লিক বলেন, ‘জাতীয় দলে যাদের পারফরম্যান্স ভাল তাদেরকেই আইকন হিসেবে রাখা হবে। সে হিসেবে মুস্তাফিজের সম্ভাবনা বেশি।’
শোনা যাচ্ছে ইমরুল কায়েসও হতে পারে এবারের আইকন। সেক্ষেত্রে কপাল পোড়ার সম্ভাবনা নিজের সেরা সময়টাকে অনেক আগেই পিছনে ফেলে আসা সৌম্য সরকার। কায়েসকে আইকন ক্রিকেটার বানানোর ঘোর বিরোধী কুমিল্লা ভিক্টরিয়ান্স। ইমরুল কায়েসকে তারা দলে রেখে দিয়েছে অনেক আগেই। আর পরবর্তীতে দলে ভিড়িয়েছে তামিম ইকবালকে। এক সাথে দুই আইকনকে রাখার সুযোগ নেই, তাই একজনকে ছেড়ে দিতে হবে।
এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল এ প্লাস ক্যাটাগরির প্লেয়ারদের দিয়েছে স্বাধীনতা। প্লেয়ার ড্রাফটে নিলাম বা লটারি ছাড়া তারা ইচ্ছামত যে কোনো দলের সাথে যুক্ত হতে পারে।
