ফিরেছে বার্সেলোনা, ফিরেছেন মেসি। করোনাভাইরাসের কারণে দীর্ঘসময় মাঠে না থাকা মেসি নিজের ফেরার ম্যাচে প্রমাণ করলেন থমকে যাননি তিনি।
শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে স্প্যানিশ লা লিগায় নিজেদের ফেরার ম্যাচটি পুরোটাই মাতিয়ে রেখেছেন লিওনেল মেসি। মেসিময় এক খেলায় বার্সেলোনা জয় পেয়েছে ৪-০ গোলে।
গত ডিসেম্বরে মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৫-২ গোলে জিতেছিল বার্সেলোনা। সেদিন একাই হ্যাটট্রিক করেন বার্সা অধিনায়ক মেসি। আর এদিন মেসির অবদান এক গোল ও দুই এসিস্ট।
শনিবার রাতে মায়োর্কার মাঠে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রক্ষণভাগের খেলোয়াড় জর্দি আলবার ক্রসে লাফিয়ে উঠে হেডে জালের ঠিকানা খুঁজে নেন আর্তুরো ভিদাল।
ইনজুরি থেকে মাত্রই ফেরায় ম্যাচের মূল একাদশে লুইস সুয়ারেজের বদলে মার্টিন ব্রাথওয়েটকে জায়গা দিয়েছিলেন বার্সা কোচ কিকে সেতিয়েন। মার্টিন সুযোগটি কাজে লাগান দারুণভাবে। ম্যাচের ৩৬ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান তিনি। লা লিগায় এটিই মার্টিনের প্রথম গোল।
প্রথমার্ধ শেষ হয় বার্সেলোনার ২-০ ব্যবধানে এগিয়ে থাকা নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই চিরচেনা ছন্দে দেখা যায় বার্সা সুপারস্টার মেসিকে। ঊরুর ইনজুরি থেকে যে পুরোপুরি সেরে উঠেছেন মেসি, তার প্রমাণ পাওয়া যায় দ্বিতীয়ার্ধের প্রাণবন্ত খেলায়।
ম্যাচের ৭৯ মিনিটের সময় বার্সার জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন জর্দি আলবা। এবারও বলের জোগানদাতা মেসি। প্রায় মাঝমাঠ থেকে উঁচু করে সতীর্থের উদ্দেশ্যে পাস বাড়িয়ে দেন মেসি। বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ের ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন আলবা।
জোড়া এসিস্ট করার পর মেসির নামের পাশে একটি গোল না থাকলে বড্ড বেমানানই হতো। তা হতে দেননি আরেক তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ। অতিরিক্ত যোগ সময়ের তৃতীয় মিনিটে সুয়ারেজের এগিয়ে দেয়া বল ধরে স্কোরশিটে নাম তোলেন মেসিও। বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
চার গোলের এ জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেলো বার্সেলোনা। লিগের ২৮ ম্যাচ শেষে ১৯ জয় ও ৪ ড্র নিয়ে তাদের সংগ্রহ ৬১ পয়েন্ট। আজ রাতে মাঠে ফেরার অপেক্ষায় থাকা রিয়াল ২৭ ম্যাচ থেকে নিতে পেরেছে ৫৬ পয়েন্ট।

