মানুষ অনেক সময় অপ্রত্যাশিত ভাবে অনেক কিছুই পায়, আবার কখনো কেউ চেয়েও পায় না। কিন্তু কেউ যদি হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা স্বয়ং প্রধানমন্ত্রীর তরফ থেকে আসে তাহলে হয়তবা আনন্দের মাত্রা বেড়ে যায় অনেক।
এবার এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শহর বেনারসে।
মঙ্গল কেওয়াত নামের এক রিকশাচালক নিজের মেয়ের বিয়ে উপলক্ষে দাওয়াতের কার্ড পাঠিয়েছিলেন ওই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী মোদি আবার বেনারস থেকে নির্বাচিত সংসদ সদস্য।তবে মোদি বিয়ের দাওয়াত রক্ষা করতে পারেননি, কিন্তু এর প্রেক্ষিতে যা করেছেন, তাতে বিস্মিত সকলেই।
ওই রিক্সাচালকের মেয়ের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি মোদী।
প্রধানমন্ত্রীর এমন সৌজন্যমূলক আচরণে অনেক খুশি মঙ্গল ও তার পরিবার। মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, মেয়ের বিয়ের প্রথম দাওয়াতটা আমরা প্রধানমন্ত্রীকেই করেছিলাম। আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দাওয়াতের কার্ড দিয়ে এসেছিলাম। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি চিঠি পাই। মেয়ের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে তিনি ওই চিঠি পাঠান। এই চিঠিই প্রমাণ করে, সমাজের প্রতিটি মানুষের জন্য চিন্তা করেন আমাদের প্রধানমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি মঙ্গল কেওয়াতের মেয়ের বিয়ে ছিল। বিয়ে উপলক্ষে আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাওয়াতের কার্ড পাঠিয়েছিলেন মঙ্গল। মেয়ের বিয়েতে যেন উপস্থিত হন, এ বিষয়ে মোদির কাছে বিশেষভাবে আরজিও জানান তিনি। ব্যস্ততার কারণে বিয়েতে যেতে না পারলেও মঙ্গলের মেয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়ে দেন মোদি। চিঠিতে নবদম্পতির জন্য আশীর্বাদও করেছেন মোদি।

