খাবার মোটা হওয়ার প্রধান কারণ নয়। মানব শরীরে মোটা বা স্থুলকার বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, যদি অধিক ক্যালোরি শরীরে প্রবেশ করে এবং তা খরচ না হয়ে সঞ্চিতই থাকে। আর এই ক্যালোরি জমে যা হয় তাই ফ্যাট। যদিও মানুষের মোটা হওয়ার কারণ ভিন্ন যেমন; হরমোনাল বা জেনেটিক।
তবে অতিরিক্ত খাবার খাওয়া মোটা হওয়ার প্রধান কারণ নয়। অনেকাংশে এটা পরোক্ষ কারণ মাত্র। তাই সঠিক প্রশ্ন হলো, কেন অতিরিক্ত খাচ্ছি? বা কেন অধিক ক্যালোরি গ্রহণ করছি?
ওজনের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। তবে সব সময় দায়টা মানুষের না–ও হতে পারে। কারণ মানসিক চাপ মানুষের শরীরের ওজন বৃদ্ধির ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে। দীর্ঘস্থায়ী চাপ আমাদের ঘুম ও আমাদের রক্তে শর্করার মাত্রা ঠিক থাকতে দেয় না, যা আমাদের ক্ষুধা বাড়ায়। দেখা যায়, খেলেই খুব আরাম লাগছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি কেবল শরীরের মেদই নয়, বরং টাইপ-২ ডায়াবেটিসেরও কারণও হয়ে দাঁড়ায়।
যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে চিকিৎসক গাইলস ইয়েও এ বিষয়ে গবেষণা করেছেন। গবেষণার কার্যক্রম হিসেবে লিডসের গবেষকেরা গাইলসকে ‘স্ট্রেস ফুল’ কিছু করতে বললেন।
একটি কম্পিউটারের সামনে গাইলসকে বসানো হয়। তাঁকে ক্রমাগত ২০৪৩ থেকে ১৭ বিয়োগ করতে বলা হয়। বারবার করতে করতে একসময় তাঁর ভুল হচ্ছিল, যা তাঁকে চাপে ফেলছিল। তারপর তাঁর হাত বরফশীতল পানিতে ডুবিয়ে রাখা হয়।
এই পরীক্ষার আগে ও পরে রক্তে চিনির মাত্রা পরীক্ষা করেন গবেষকেরা। এ রকম কয়েক দিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, কেউ যখন অসম্ভব চাপে থাকেন, তখন তাঁর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তিন ঘণ্টার মতো সময় নেয়, যা চাপমুক্ত থাকা অবস্থার তুলনায় ছয় গুণ বেশি।
এটার কারণ যখন মানুষ চাপে থাকে, তখন শরীর ‘ফাইট’ মুডে থাকে। অর্থাৎ, শরীর চাপ মোকাবিলায় ফাইট করতে থাকে। সে বেশি গ্লুকোজ নিঃসরণ করে পেশিতে শক্তি বা ‘এনার্জি’ তৈরি করে। আবার চাপ নেওয়ার প্রয়োজন না হলে অগ্ন্যাশয় রক্তে শর্করার মাত্রা আবারও নিচে নেওয়ার জন্য ইনসুলিনকে পাম্প করে। আর রক্তে চিনির মাত্রা কমে আসা এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ক্ষুধা লাগে।
