ময়মনসিংহে এক শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামের দরিদ্র এক ব্যক্তির তিন মেয়ের মধ্যে বড় মেয়ে(১৯) গতকাল সোমবার রাত ৯টার দিকে সে ও তার আরেক বোন খাওয়া-দাওয়া শেষে আলাদা ঘরে ঘুমাতে যায়।
আজ মঙ্গলবার ভোরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে পাড়া ভরট জামে মসজিদের পাশে চান্দে মড়লের ভিটায় একটি নিচু গাছে বড় মেয়ের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন বাড়িতে খবর দেন।
নিহতের বাবা বলেন, আমার মায়াডারে জানোয়ারের বাচ্চারা সর্বনাশ কইরা মাইরা লটকাইয়া রাখছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। দরিদ্র পরিবারের মেয়েটিকে দুর্বৃত্তরা ধর্ষণ ও হত্যা করেছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, খবর পেয়ে অফিসার পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ধর্ষিতার ব্যবহৃত মোবাইল ফোনটি পাশেই পড়েছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন এসে সুরতহাল রিপোর্ট তৈরিসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গফরগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

