বিনোদন প্রতিবেদক
শুটিং সম্পন্ন হয়েছে নাটক ‘যখন গিয়েছে পঞ্চমীর চাঁদ ডুবে’র। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রজ্ঞা নীহারিকা। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাজিরা মৌ, জোভান, নিশাত সিদ্দিকা প্রিওম, শেলী আহসান, খালিকুজ্জামান, নিকুল কুমার মন্ডলসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, নওশিন প্রেগনেট। প্রথম সন্তানের আগমনের আনন্দের প্রতীক্ষায় সে। হাসবেন্ড সাব্বির ওকে বাবার বাসায় দেখতে আসবে শুনে ফোনে ওর কাছে আম খেতে চায়। সাব্বির অফিস থেকে ফেরার পথে ওর জন্য আম নিয়ে আসার সময় একদল ছিনতাইকারীর কবলে পড়ে। একসময় সাব্বির জানতে পারে ছিনতাইকারী দলের প্রধান তারই দুলাভাই। এগিয়ে যেতে থাকে গল্প।
নাটকটি সম্পর্কে পরিচালক প্রজ্ঞা নীহারিকা বলেন, ‘খুব ভালো একটি গল্পে নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্পের পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা। টিমের সবাই আমাকে সহযোগীতা করেছে। নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’ নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে।
