করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের তালিকায় সবার উপরে অবস্থান ক্রছে দেশটি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন।
করোনায় আক্রান্তের সংখ্যায় নিউইয়র্ককে পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া। এতদিন পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন আক্রান্তের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ায়। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে আছে নিউইয়র্ক।
ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৮২৫। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৫৪৫ জন। অপরদিকে, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৪৬২ জন। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৭০৮ জন।
গত ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে দেশটির ধারে-কাছে নেই আর কোনো দেশ।

