যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তদন্তের মুখে ফেসবুক



যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি সংস্থার তদন্তের মুখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ তথ্য স্বীকার করেছে।
ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা সোস্যাল মিডিয়া জায়ান্টটির ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এর পরেই ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়।
সোস্যাল মিডিয়া জায়ান্টটির গ্রাহক তথ্য বেহাত হওয়া বিষয়ে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিইসি), ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি), ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও বিচার বিভাগ তদন্ত চালাচ্ছে।
এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও অন্য দেশের তদন্ত কর্মকর্তাকেও আমরা সহযোগিতা করছি। আমরা তাদের সামনে সাক্ষ্য দিয়েছি, প্রশ্নের জবাব দিয়েছি এবং তদন্তের পুরো সময়ে তাদের সহযোগিতার অঙ্গীকার করেছি।
চলতি বছরের শুরুর দিকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাতের বিষয়টি প্রকাশ পেয়েছে। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদের তথ্য সংগ্রহের বিষয়টি ফেসবুক ২০১৫ সালেই জেনেছিল।