চোখের সমস্যার জন্য ওষুধ কিনতে সেদিন সকালে তিনি বাসা থেকে বের হন। বাসার পাশের হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকানের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তাঁর পাশে একটি সাদা মাইক্রোবাস এসে থামে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মাইক্রোবাসে তোলা হয়। তারপর চোখ বেঁধে তাঁকে মাঝখানে বসানো হয়। দুই পাশে অপহরণকারীরা বসে। তাঁকে মাথা নিচু করে বসতে বলা হয়। গাড়িটি চলতে থাকা অবস্থায় তিনি স্ত্রীকে নিজের মুঠোফোন থেকে ফোন করেন। তখন তিনি স্ত্রীকে বলেন, তাঁকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে। তখন অপহরণকারীরা তাঁর ফোন কেড়ে নেয়…
অপহরণ পর্বের শুরুটা এভাবেই আদালতে বর্ণনা করেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। যশোর থেকে উদ্ধার পেয়ে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জবানবন্দি দেন তিনি।
আদালতে ফরহাদ মজহার বলেন, সরকারকে বিব্রত করতে তাঁকে অপহরণ করা হয়। কোনো কিছু না নিয়ে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়। যে তিনজন তাঁকে অপহরণ করে, তাদের তিনি চেনেন না।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ফরহাদ মজহার বলেছেন, তিনজন লোক তাঁকে অপহরণ করে। তাদের পরিচয় এখনো জানতে পারেননি। খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। ঢাকা থেকে অপহরণ করে তাঁকে খুলনায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
ঢাকা থেকে তাঁকে গাড়িতে তোলার পর বিরতিহীনভাবে গাড়ি চলতে থাকে বলে ফরহাদ মজহার আদালতকে জানিয়েছেন। আদালতে তিনি বলেন, নিজ থেকে অপহরণকারীদের বলেন, টাকা নিয়ে তাঁকে যেন ছেড়ে দেয় তারা। অপহরণকারীরা তাঁর কাছে জানতে চায়, তিনি কোথায় টাকা পাবেন। তাঁর স্ত্রী টাকা জোগাড় করবে। তখন অপহরণকারীরা তাঁর কাছে ৩৫ লাখ টাকা চায়। ওই টাকার জন্য তিনি তাঁর স্ত্রীকে ফোন করেন।
তাঁর স্ত্রী ফরিদা আখতার জানান, অপহৃত হওয়ার পর ফরহাদ মজহার তাঁর সঙ্গে মুঠোফোনে পাঁচ থেকে ছয়বার কথা বলেছেন। প্রথম দিকে যখন কথা বলছিলেন, তখন তাঁর কণ্ঠে ছিল ভয়। ফরহাদ মজহার আদালতকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাঁকে নামিয়ে দেওয়া হয়। তাঁর হাতে হানিফ পরিবহনের একটা টিকিট ধরিয়ে দেয় অপহরণকারীরা। টিকিট দেওয়ার পর অপহরণকারীরা তাঁকে হুমকি দিয়ে বলে, তারা আশপাশে থাকবে। কোথাও যেন তিনি দেরি না করেন। কাউকে কোনো কিছু বলতেও নিষেধ করা হয়। আর তিনি যেন সোজা ঢাকায় চলে আসেন।
এরপর ফরহাদ মজহার একটি রিকশায় ওঠেন। তিনি কোথায় আছেন, রিকশাচালকের কাছে জানতে চান। তখন রিকশাচালক তাঁকে জানান, তিনি তখন খুলনার শিববাড়ি মোড়ে। সেখানকার একটি হোটেলে তিনি খাওয়াদাওয়া করেন। এরপর হানিফ পরিবহনের বাসে ওঠেন। ফরহাদ মজহার বলেন, অপহরণকারীরা তাঁকে টাকার জন্য অপহরণ করেনি। তাঁর কাছে টাকা চায়নি। তিনি নিজেই টাকার কথা বলেছেন। ক্লান্ত থাকায় গাড়িতে ওঠার পর তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর তিনি দেখেন, তাঁর আশপাশে অনেক লোক। বাসে একজন তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তিনি ফরহাদ মজহার কি না। তখন তিনি বলেন, তিনি ফরহাদ মজহার। তখন গাড়ি থেকে তাঁকে নামানো হয়। পরে র্যাব-পুলিশ তাঁকে স্থানীয় থানায় নিয়ে যায়।
অপহরণকারীদের তিনি চেনেন না, এমনটাই জবানবন্দিতে বলেছেন ফরহাদ মজহার। তিনি বলেন, কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। তবে তাঁকে অপহরণ করার নানা কারণ থাকতে পারে। তাঁর আশঙ্কা, যারা বর্তমান সরকারকে অপছন্দ করে, তারা সরকারকে বিব্রত করতে তাঁকে অপহরণ করে থাকতে পারে। কারণ, অপহরণকারীরা টাকার জন্য তাঁকে অপহরণ করেনি। কোনো কিছু না নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফরহাদ মজহারকে আজ বেলা তিনটায় আদালতে তোলে পুলিশ। রাজধানীর আদাবর থানায় তাঁর স্ত্রী ফরিদা আখতার এ ব্যাপারে অপহরণ মামলা করেন। এর ভিকটিম হিসেবে তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা ধরে তিনি ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে ১০ হাজার টাকা মুচলেকায় তাঁকে নিজ জিম্মায় বাড়ি যাওয়ার অনুমতি দেন আদালত। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার বাদী ফরিদা আখতার আদালতে বলেছিলেন, ‘স্বামীকে ফিরে পেয়েছি। এতেই খুশি।’
