করোনাভাইরাসের ভয়াল থাবায় থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। ফুটবল-ক্রিকেটসহ স্থগিত হয়ে আছে সকল খেলা। করোনাভাইরাসের মধ্যে নিজেদের লিগ চালিয়ে যাচ্ছে বেলারুশ। ইউরোপের একমাত্র দেশ হিসেবে নিজেদের ফুটবল লিগ স্থগিত করেনি দেশটির সরকার।
বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র আলেক্সান্দর অ্যালেইনিক খেলা চালিয়ে যাবার ঘোষণা দিয়ে বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা সকল সতর্কতা গ্রহণ করেছি এবং ফুটবল চলতে থাকবে। ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনার সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। দর্শকদের সবাইকে হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে।’
করোনাভাইরাস নিয়ে মোটেও চিন্তিত নন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজ দেশের জনগণকে ভদকা পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার বেলারুশ প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরমধ্যে একটি ডার্বিও ছিলো। এফসি মিনস্ক ও দিনামো মিনস্ক ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়। বেলারুশের রাজধানী মিনস্কে হওয়া ঐ ডার্বি ম্যাচটি দেখতে গ্যালারি প্রায় ৩ হাজার দর্শক উপস্থিত হয়েছিলো। ঐ ম্যাচে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় এফসি মিনস্ক।
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশটিতে বসবাস ৯৫ লাখ মানুষের। এরমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১শ জন। কিন্তু কেউই এখনও মারা যাননি।

