রংপুরে করোনায় আক্রান্ত তাবলিগ জামাতফেরত ব্যক্তি



রংপুরে তাবলিগ জামাতফেরত ৮০ বছরের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই ব্যক্তির করোনা শনাক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। এসময় তিনি জানান, এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ জনে। এদের মধ্যে গাইবান্ধার ১৩ জন, দিনাজপুরের ৮, নীলফামারীর ৬, ঠাকুরগাঁওয়ের ৩, রংপুরে ৪, লালমনিরহাটের ২ এবং কুড়িগ্রামের ২ জন রয়েছেন।

আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে। জানা যায়, ওই ব্যক্তি তাবলিগ জামাত করে ঢাকা থেকে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আক্রান্ত ওই ব্যক্তি তাবলিগ জামাত শেষে রংপুরে মেয়ের বাড়িতে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেইসাথে আক্রান্ত অইক ব্যক্তির মেয়ের বাড়িও ‘লকডাউন’ করা হয়েছে।