আগুনে দগ্ধ হয়ে রাজধানীর পল্লবীতে কল্পনা বেগম (৩৫), তার মেয়ে জান্নাত (১৩) ও ছেলে কাওসার (৭) নামের এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার (২৮ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের পল্লবীর সেকশন ১১ এর ডি-ব্লকের ১৬ নম্বর রোডের ১০ নম্বর বাসায় জ্বালানো মশার কয়েল থেকে আগুন ঘরে ছড়িয়ে পড়লে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জনিয়েছে পল্লবী থানা পুলিশ।
এ বিষয়ে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শনিবার ভোর ৪ টার দিকে আমরা পল্লবীর বাউনিয়া বাঁধে একটি বাসায় আগুন লাগার সংবাদ পাই। পরে সেখানে দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, মশার কয়েল থেকে আগুন ওই বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে।

