রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেতন স্কেলে বৈষম্য কমানোর দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের আমরণ অনশন চলছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
আজ দ্বিতীয় দিনের মতো অনশনে রয়েছেন কয়েক হাজার শিক্ষক। গতকাল শনিবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
সহকারী শিক্ষকদের আটটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নিয়েছে। সংগঠনের নেতারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।
মহাজোটভুক্ত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন বলেন, ব্যবধান কমানোর জন্য আগে আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিনেও তা পূরণ করা হয়নি। এ জন্য আমরণ অনশন ছাড়া তাঁদের সামনে আর কোনো উপায় নেই।
শিক্ষক সমাজের অপর এক অংশের সভাপতি তপন কুমার মণ্ডল বলেন, সরাসরি প্রধানমন্ত্রী থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন ভাঙবেন না। অনশনে কয়েক হাজার সহকারী শিক্ষক অংশ নিয়েছেন।
আজ দুপুরে শহীদ মিনার গিয়ে দেখা গেছে, কয়েক হাজার শিক্ষক সেখানে ছড়িয়ে–ছিটিয়ে অনশনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
