রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪১



রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে মুরমানস্কের দিকে রওনা হওয়ার পরপরই পাইলট যান্ত্রিক গোলযোগের কথা জানিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সাহায্যের আবেদন করেন এবং জরুরি অবতরণের চেষ্টা করেন। শেরেমেতিয়েভোয় জরুরি অবতরণের পরপরই সুখোই সুপারজেট-১০০ উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ওই উড়োজাহাজ যেভাবে জ্বলছিল, তাতে কেউ বের হয়ে আসতে পেরেছে এটাই ছিল ‘বিস্ময়কর’।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান ভেরোনিকা স্কোভরতসোভা এক বিবৃতিতে জানিয়েছেন, ওই উড়োজাহাজের ছয়জন আরোহী হাসপাতালে আছেন, তাদের তিনজনের অবস্থা গুরুতর।

এরোফ্লোট এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের বাঁচানোর জন্য সম্ভব সবকিছু করেছেন পাইলট ও ক্রুরা। অবতরণের ৫৫ সেকেন্ডের মধ্যে তাদের বের করে আনা হয়েছে।