‘রাশিয়া তদন্তের সমর্থকরা ফল উল্টে ক্ষমতা নিতে চেয়েছিল’


'রাশিয়া তদন্তের সমর্থকরা ফল উল্টে ক্ষমতা নিতে চেয়েছিল'
WASHINGTON, DC - MARCH 01: U.S. President Donald Trump participates in a meeting with leaders of the steel industry at the White House March 1, 2018 in Washington, DC. Trump announced planned tariffs on imported steel and aluminum during the meeting, with details to be released at a later date. (Photo by Win McNamee/Getty Images)


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন রিপাবলিকান শিবির ও রাশিয়ার ‘সম্ভাব্য আঁতাত’ নিয়ে তদন্তকে যারা সমর্থন দিয়েছিল, তারা ২০১৬-র নির্বাচনের ফল উল্টে অবৈধভাবে ক্ষমতা দখলে চেষ্টা করেছিল।

গতকাল বৃহস্পতিবার মিশিগানে রিপাবলিকান পার্টির এক প্রচার সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ট্রাম্প বলেন, “তিন বছর ধরে বলা মিথ্যা, কলঙ্ক লেপন ও অপবাদের পর অবশেষে শেষ হতে যাচ্ছে রাশিয়া (তদন্ত) নিয়ে ধাপ্পাবাজি। আঁতাতের বিভ্রম কেটে গেছে। রাশিয়া নিয়ে এ উইচ হান্টের পরিকল্পনা ছিল তাদের, যারা নির্বাচনে হারের পর নিষ্পাপ মার্কিনিদের ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। অনেক নিষ্পাপ মার্কিনি এ বিস্তৃত ধাপ্পাবাজির শিকার হয়েছে,”

গ্র্যান্ড র‌্যাপিডসে হওয়া এ প্রচার সমাবেশে ট্রাম্প ডেমোক্রেট পার্টি ও গণমাধ্যমের ওপরও একহাত নিয়েছেন।

“তারা অসুস্থ, তাদের দায় খতিয়ে দেখা উচিত; কারণ তারা মিথ্যা বলেছে, এটা যে মিথ্যা, তা তারা জানতো,” বলেছেন তিনি।

ট্রাম্প ক্ষমতায় বসার কয়েক মাস পর মার্কিন বিচার বিভাগ ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবির ও মস্কোর মধ্যে কোনো আঁতাত হয়েছিল কিনা এবং এ সংক্রান্ত এফবিআইয়ের তদন্তে মার্কিন প্রেসিডেন্ট বাধা দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে মুলারকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন।

দীর্ঘ ২২ মাস পর গত সপ্তাহেই মুলার তার তদন্ত প্রতিবেদন জমা দেন; ওই প্রতিবেদনে ট্রাম্প শিবিরের কারও সঙ্গেই রাশিয়ার কোনো আঁতাত ছিল না বলে রোববার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সারসংক্ষেপে বলা হয়েছে।

স্পেশাল কাউন্সেলের ৩০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ‘ট্রাম্প-রাশিয়া’ আঁতাতে প্রমাণ না পাওয়ার কথা বলা হলেও, মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত এফবিআইয়ের তদন্তে বাধা দিয়েছিলেন কিনা তার সুস্পষ্ট উত্তর নেই।