রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মীদের উৎসাহ বোনাস পাওয়ার নতুন নিয়ম নির্ধারণ করল সরকার



উৎসাহ বোনাস পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন শর্ত ও নম্বরভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা নির্ধারণ করেছে সরকার। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক সাফল্য ও কর্মীদের কাজের মান মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে প্রদান করা হবে। ফলে নির্বিচারে বোনাস দেওয়ার সুযোগ বন্ধ হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মীদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য ১০০ নম্বরের একটি সূচক বা স্কেল নির্ধারণ করা হয়েছে। অর্জিত নম্বরের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে একজন কর্মী কতটি বোনাস পাবেন।

নতুন এই নিয়মে কেবল ব্যাংকের আয় নয়, বরং খেলাপি ঋণ আদায়, আমানত বৃদ্ধি, আইটি ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচালন ব্যয়ের দক্ষতার মতো বিষয়গুলোকে নম্বর বণ্টনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ব্যাংকের মৌলিক স্বাস্থ্য ভালো না থাকলে কেবল কাগুজে মুনাফা দেখিয়ে আর কর্মীদের অতিরিক্ত সুবিধা দেওয়া সম্ভব হবে না।

নীতিমালা অনুযায়ী, ব্যাংকিং ও আর্থিক খাতের কর্মীরা পারফরম্যান্স মূল্যায়নে অর্জিত নম্বরের ভিত্তিতে ভিন্ন ভিন্ন হারে উৎসাহ বোনাস পাবেন। যদি কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তা মূল্যায়নে সর্বোচ্চ গ্রেড পান, তবে তিনি সর্বোচ্চ ৩টি বোনাস অর্জনের যোগ্য হবেন। প্রতিটি বোনাসের পরিমাণ হবে ওই কর্মীর নির্ধারিত এক মাসের মূল বেতনের সমান।

এক্ষেত্রে একজন কর্মকর্তা যদি তিনটি বোনাসের যোগ্যতা অর্জন করেন, তবে তিনি অর্থবছরের শেষে এককালীন তিন মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উপহার বা পুরষ্কার হিসেবে ব্যাংক থেকে গ্রহণ করতে পারবেন। তবে মূল্যায়নে নূন্যতম বেঞ্চমার্ক বা নম্বর না পেলে কোনো বোনাস দেওয়া হবে না।