যুক্তরাষ্ট্রে ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার; হুঁশিয়ারি মস্কোর




যুক্তরাজ্যে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তাঁর মেয়ে ইউলিয়ার স্ক্রিপালের (৩৩) ওপর বিষ প্রয়োগকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে রুশ কূটনীতিক বহিষ্কারের হিড়িক পড়ে গেছে।
ব্রিটেনের পর এবার ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে বন্ধ করে দেয়া হয়েছে রুশ দূতাবাস। এছাড়াও জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনও ঘোষণা দিয়েছে যে তারাও রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে যাচ্ছে।
এদিকে নিজেদের কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদে একই ধরনের জবাব দেয়া হবে বলে হুশিঁয়ারি দিয়েছে রাশিয়া। সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়ার স্ক্রিপালকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হন। তবে সলসবারির ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া।
উল্লেখ্য, সের্গেই স্ক্রিপাল একসময় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার কর্নেল ছিলেন। ২০০৬ সালে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। রাশিয়ায় তার ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। এরপর ২০১০ সালে ১০ জন মার্কিন গুপ্তচরের বিনিময়ে তিনি ছাড়া পান। ওই বছরই সের্গেই যুক্তরাজ্যে আশ্রয় নেন। ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে বাইরের বেঞ্চে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তাদের দুজনের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। তারা ওই দিন দুপুরে যে রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন, সেই রেস্তোরাঁর টেবিলে পুলিশ নার্ভ এজেন্টের আলামত পায়।
এরপর থেকেই গুপ্তচর দিয়ে স্ক্রিপাল ও তার মেয়েকে রাশিয়া হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করে আসছে যুক্তরাজ্য। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৪ মার্চ সলসবারিতে এক ব্রিটিশ নাগরিক ও তার মেয়েকে হত্যার চেষ্টায় সামরিক-গ্রেডের নার্ভ এজেন্ট ব্যবহার করেছে রাশিয়া। বিবৃতিতে বলা হয়, ‘এ হামলা কেমিক্যাল ওয়েপনস কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের ভয়াবহ ও জঘন্য লঙ্ঘন’।