রিজার্ভ চুরির মামলা : প্রতিবেদন দাখিল আজ




আজ রোববার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা রয়েছে।
এর আগে গত ৩ মে  মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি । এ জন্য ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
উল্লেখ্য ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এ অর্থের একটি বড় অংশ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাধ্যমে ফিলিপাইনে চলে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির হিসাব ও বাজেট শাখার যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন।