উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচে স্বাগতিকরা হারে ১-২ গোলের ব্যবধানে।
এটিই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইংলিশ জায়ান্টদের প্রথম জয়।
বুধবার দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বল দখলে সমান আধিপত্য ছিল দুই দলেরই। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যানসিটি। গ্যাব্রিয়েল জেসুসের নেওয়া শট ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।
ম্যাচের ৩০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলো রিয়ালও। ফারল্যান্ড মেনডির ক্রস থেকে করিম বেনজিমার হেড ফিরিয়ে দেন সিটিজেন গোলরক্ষক এডারসন। তবে ফিরতি বল অবশ্য শট দিতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। ফলে নিশ্চিত গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয় অর্ধ থেকে আক্রমণ চালিয়ে খেলতে থাকে দুই দল। ফল পায় স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ। ৬০ মিনিটে দুই সিটিজেন ডিফেন্ডারের মাঝ দিয়ে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে পেনাল্টি বক্সের মাঝামাঝি জায়গায় ফাঁকায় থাকা স্প্যানিশ ফরোয়ার্ড ইসকো সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান।
৭৮ মিনিটে সমতায় ফিরে সিটিজেনরা। পেনাল্টি বক্সের ভেতরে বাম পাশ দিয়ে ডে ব্রুয়েনা ক্রস বাড়িয়ে দেন জেসুসের দিকে। তবে জেসুসকে পাহারায় রাখা ডিফেন্ডার সার্জিও রামোস ক্রসটির নাগাল পাননি। ফলে হেড দিয়ে গোল করে দলকে সমতায় আনেন জেসুস।
ম্যাচের ৮৩ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। পেনাল্টি ডি বক্সের ভেতরে রাহিম স্টার্লিংকে ফাউল করে বসেন রিয়াল ডিফেন্ডার কারভাহাল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্ত বদলাননি রেফারি। স্পট কিক থেকে দলকে ২-১ গোলে এগিয়ে দেন কেভিন ডে ব্রুইনে।
এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। আগামী ১৭ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

