সম্প্রতি কলকাতার সমালোচিত ইউটিউবার রোদ্দূর রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (১০ মার্চ) পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বেলেঘাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
সম্প্রতি তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইটিও সংগ্রহ করেছে পুলিশ। এফআইআর দায়েরের পর কলকাতা পুলিশের সাইবার থানা রোদ্দূর রায়ের ইউটিউবের বক্তব্য দেখছে।
দীর্ঘদিন ধরেই ইউটিউবে নানা বিষয়ে রোদ্দূর রায় বলছেন। গানও গাইছেন। ওই শিক্ষক সংগঠনের করা এফআইআরে বলা হয়েছে, গত কয়েকমাস ধরে ‘রোদ্দূর রায় তার লেখা অথবা গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে কলুষিত করে সমাজ ও ছাত্র যৌবনকে এবং আগামী প্রজন্মকে অপসংস্কৃতি ও অন্ধকারের দিকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এফআইআরে বলা হয়েছে, ‘রোদ্দূর রায়ের অবশ্যই বাক্ স্বাধীনতা থাকবে, তার মানে এই নয় তার গান/কবিতাতে অশ্লীল শব্দ ব্যবহার করে প্রকাশ্যে সেই অপসংস্কৃতির বিষ ছড়াবেন। এমনকী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম–সহ অনেককেই অশ্রাব্য গালিগালাজ করছেন।’
সংগঠন সূত্রে জানা গেছে, আজ বুধবার রাজ্যের ২৩টি জেলার বিভিন্ন থানায় রোদ্দূর রায়ের বিরুদ্ধে এফআইআর করা হবে। বেলেঘাটা থানায় করা এফআইআরের কপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে কলকাতা পুলিশ কমিশনারকেও।
সূত্র:আজকাল

