২-০ ব্যবধানে তে প্রথম লেগে পরাজয়। সেখান থেকে ঘুরে দাঁড়ানো। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জুভেন্টাস। সেই জয়ের নায়ক রোনালদোর বিতর্কিত উদযাপন ভালো চোখে দেখে নি উয়েফা। তাই শাস্তি হতে পারে রোনালদোর।
ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে তদন্ত শুরু করেছে উয়েফা। ১২ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে অশালীন উদযাপনে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেকে জবাব দিয়েছিলেন রোনালদো। উয়েফার ওয়েবসাইট জানিয়েছে জুভেন্টাস ফরোয়ার্ডের জন্য কি শাস্তি অপেক্ষা করছে তা জানানো হবে তদন্ত শেষে ২১শে মার্চ উয়েফার মিটিং শেষে।
নিরপেক্ষ নীতি ও শৃঙ্খলা পরিদর্শকের তদন্তের পর উয়েফার শৃঙ্খলা নীতির ৫৫ ধারা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শৃঙ্খলা নীতির ধারা ১১(২) (বি) ও ১১(২) (ডি) ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে রোনালদোর বিপক্ষে।
রোনালদো শাস্তি পেতে যাচ্ছেন এটা নিশ্চিত। ইতালিয়ান সাংবাদিকদের দাবি, ধারা ১১তে অভিযোগ তোলায় যে শাস্তিই হোক, সেটা জরিমানাতেই সীমাবদ্ধ থাকবে।
প্রথম লেগে ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে প্রথম গোলের পর নিজেদের দর্শকের দিকেই অশালীন ইঙ্গিত করে নিজেদের শৌর্যবীর্যের কথা জানিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে। এর ফলে ২০ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছিল তাকে।
সিমিওনেকে পাল্টা জবাব দেওয়ার তাগিদে একই ধরণের উদযাপনে কি ধরণের শাস্তি অপেক্ষা করছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর জন্য, তা জানা যাবে ২১শে মার্চ।

