রোনালদোর পেনাল্টি মিস ও ড্র দিয়ে ফুটবল ফিরেছে ইতালিতে
১৩ জুন ২০২০ - ১০:০০:২৭ পূর্বাহ্ন

৯৫ দিন পর মাঠে ফিরল ইতালিয়ান ফুটবল। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে প্রায় ৭৫ মিনিট ১০ জনের এসি মিলানকে পেয়েও বল জালে জড়াতে পারল না স্বাগতিক জুভেন্টাস। ০-০ ড্র নিয়েই মাঠ ছাড়ল দুই দল।
তবে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্রয়ের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনালে নাম লিখিয়েছে জুভরা।
শুক্রবার রাতের ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারত জুভেন্টাস। পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ রোনালদো। জোড়ালো শট ডানদিকের বারে লেগে গোল হয়নি।
এর ৩০ সেকেন্ডের মাথায় জুভ ডিফেন্ডার দানিলোর সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন আন্তে রেবিক। ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান।
জুভেন্টাস এরপর চড়াও হয়েই খেলেছে। কিন্তু একের পর এক সুযোগ মিস করে গোলের দেখা আর পায়নি।
প্রথমার্ধে রোনালদো আর ব্লেস মাতুইদির জোরালো শট ফিরিয়ে দেন এসি মিলান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমা।
দ্বিতীয়ার্ধে পাওলো দিবালাকেও একবার আটকে দেন তিনি। কাফের চোটের কারণে এই ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচকে পায়নি এসি মিলান। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।
গত ১৩ ফেব্রুয়ারি প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস। রোমের স্তাদিও অলিম্পিকে স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৭ জুন।