'রোনালদো আমার থেকেও বেশি স্বার্থপর'




সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। সেই সাথে দলের শীর্ষ দুই স্ট্রাইকারের ফর্মও ফিরছে না বহুদিন ধরে। পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেও লা লীগাতে একটি মাত্র গোল। অন্যদিকে ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমাও নিজেকে হারিয়ে খুঁজছেন।
যার ফলশ্রুতিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে আট পয়েন্টের ব্যবধানে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে যেন আগুনে ঘি ঢেলে দিলেন বেনজেমা। ফরাসি গণমাধ্যম ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের থেকেও বেশি স্বার্থপর বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘সে (রোনালদো) আমার থেকেও বেশি স্বার্থপর। কিন্তু এটাই স্বাভাবিক। আমরা একসাথে ভালো সময় পার করি, তাঁর সাথে খেলতে পছন্দ করি।’ তিনি আরো বলেন, ‘তাঁর (রোনালদো) এই স্বার্থপরতা আমাকে বিরক্ত করে না। শেষ পর্যন্ত তা দলের উপকারেই আসে।’
এবারের মৌসুমে ব্যর্থ কারিম বেনজেমা। খেলার মাঠে সহজ সুযোগ নষ্ট আর বাজে ফর্মের জন্য নিজের সমর্থকদের কাছে প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন তিনি। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোস সমর্থকদের প্রতিনিয়ত দুয়ো দেওয়া কষ্ট দিচ্ছে ফরাসী এই স্ট্রাইকারকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কঠিন, যখন স্পেনে। এখানে সবসময় সবকিছু বুঝতে পারা কষ্টকর। সব চেয়ে বেশি কষ্টকর যখন নিজেদের সমর্থকরা আপনার সমালোচনা করবে।’
তিনি আরো জানান তিনি ফিরে আসতে চান। আগের ফর্মে ফিরে নিজেকে প্রমাণ করতে চান। নাহলে ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা মিলবে না রিয়াল মাদ্রিদের এই নাম্বার নাইনের।
সূত্র : মার্কা