রোহিঙ্গাদের টানে এবার বাংলাদেশে আসছেন জর্ডানের রানি




রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে ২৩ অক্টোবর বাংলাদেশে আসছেন জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ। এর আগে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলায় পা রেখেছিলেন তুরস্কের ফাস্ট লেডি।
রানির দপ্তরের বরাত দিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সোমবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।
জানা গেছে, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইসিআর) পর্ষদ সদস্য এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাগুলোর একজন দূত হিসেবে রানী রানিয়া আল আবদুল্লাহ বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন, যাতে দুর্দশায় থাকা মানুষের জন্য জরুরি সহায়তার পরিমাণ দ্রুত বাড়ানো সম্ভব হয়।
রানি রানিয়া কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকা ঘুরে দেখবেন এবং মিয়ানমার থেকে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার কথা শুনবেন। আইসিআর, ইউএনএইচসিআর, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রমও তিনি পরিদর্শন করবেন। এ সফরের শেষে রানিয়া গণমাধ্যমের কাছে তার অভিজ্ঞতা তুলে ধরবেন।
উল্লেখ্য, রাখাইনে গত ২৫ আগস্ট তল্লাশিচৌকিতে হামলার জের ধরে মিয়ানমারের সেনাবাহিনী সেখানে নিপীড়ন শুরু করে। এখন পর্যন্ত রাখাইন থেকে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।