রোহিঙ্গাদের পাশে মালদ্বীপ, লড়বেন আমাল ক্লুনি


রোহিঙ্গাদের পাশে মালদ্বীপ, লড়বেন আমাল ক্লুনি

রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে যোগ দিচ্ছে মালদ্বীপ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মালদ্বীপ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

রোহিঙ্গাদের জন্য বর্তমানে আন্তর্জাতিক আদালতে লড়ছে গাম্বিয়া। ইতোমধ্যে মালদ্বীপ তাদের আইনজীবী হিসেবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকারকর্মী আমাল আলামুদ্দিনকে নিয়োগ দিয়েছে।

লেবানিজ বংশোদ্ভূত এ ব্রিটিশ আইনজীবীর মক্কেলদের তালিকায় আছেন মালদ্বীপেরই সাবেক প্রেসিডেন্ট (বর্তমানে স্পিকার) মোহাম্মদ নাশিদ, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী যুলিয়া ত্যমোশেঙ্কো, মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক মোহাম্মদ ফাহমি ও শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ।

নাশিদকে ২০১৫ সালে এক দুর্নীতি মামলায় ১৩ বছরের কারাদণ্ড দেয়া হলেও ওই সাজা থেকে তাকে নিস্তার পাইয়ে দেন হলিউডের মহাতারকা জর্জ ক্লুনির পত্নী আমাল আলামুদ্দিন।

আমাল আলামুদ্দিন জানান, মিয়ানমারে সংঘটিত গণহত্যার জবাবদিহির বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। আমি রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টার অংশ হতে অপেক্ষা করছি।

এর মধ্যে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে গত বছরের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। সে মামলা শুনানিতে গড়ালে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। অন্যদিকে মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী নির্বিচারে গণহত্যা ও ধর্ষণ শুরু করলে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। সেই দফায় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। তার আগে থেকে বাংলাদেশে আশ্রিত ছিল আরও ৪ লাখ রোহিঙ্গা।