রোহিঙ্গা গণহত্যার খবরের কারণে' সাংবাদিক আটক: রয়টার্স



মিয়ানমারে বর্মী সৈন্যরা গ্রামবাসীদের সাথে নিয়ে কিভাবে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে তার উপর একটি অনুসন্ধানী প্রতিবেদনের কারণে তাদের দু’জন সাংবাদিককে আটক করে রাখা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এরকম একটি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে বার্তা সংস্থাটি।
সংবাদ সংস্থাটি বলছে, এই দু’জন সাংবাদিক গত বছরের ২রা সেপ্টেম্বর রাখাইনের উত্তরাঞ্চলীয় ইন দিন গ্রামে ১০ জনকে হত্যার ঘটনা তুলে ধরেছেন।
এ বিষয়ে সংবাদ সংস্থাটির প্রধান সম্পাদক স্টিফেন জে এডলার বলেছেন, “তাদেরকে যখন গ্রেফতার করা হয় তখন আমরা প্রথমে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেছি। কিন্তু তাদের আইনগত অবস্থা দেখার পর ওয়া লো এবং চ সো উ এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে ইন দিন গ্রামে কী ঘটেছিলো তার বিবরণ প্রকাশ করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী জনস্বার্থে আমরা এখন এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।”

ওই এলাকায় সাংবাদিকদের যাওয়ার উপর বিধিনিষেধ রয়েছে। কিন্তু রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যখন রাখাইনে একের পর এক এধরনের হত্যাকাণ্ডের বিবরণ দিচ্ছে তখনই রয়টার্স এধরনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলো।
অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ করার অভিযোগে সাংবাদিক ওয়া লো এবং চ সো উ-কে গত কয়েক মাস ধরে মিয়ানমারের কারাগারে আটক রাখা হয়েছে। রয়টার্স বলছে, এই গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যার বিষয়ে তাদের সাংবাদিকরা সেখানে তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছিলো। সাক্ষাৎকার নিচ্ছিলো বৌদ্ধ গ্রামবাসী, নিরাপত্তা বাহিনী এবং ফটোগ্রাফারদের। সবার বক্তব্য মিলিয়ে তারা দেখার চেষ্টা করছিলো সেখানে আসলেই কী ঘটেছে।
আরও পড়ুন; রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক