লকডাউনে কাজ হারিয়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে এবার আত্মঘাতী হলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা মনমীত গ্রেওয়াল। তার বয়স হয়েছিল ৩২ বছর।
শুক্রবার রাতে তিনি তাঁর নভি মুম্বাইয়ের নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মিড ডে সংবাদমাধ্যম। তাঁর স্ত্রী ও বাবা-মা রয়েছেন। সে মজবুর, কূলদীপক প্রভৃতি বেশ কিছু সিরিয়ালে তিনি অভিনয় করে জনপ্রিয় হন।
মনমীতের বন্ধু মনজিত সিং জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় স্বাভাবিক আচরণ করেছিলেন অভিনেতা। স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকার সময় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মনমীত। এর পর হঠাৎ চেয়ার উলটে পড়ার শব্দ শুনে ঘরে ঢুকে তাঁকে গলায় দোপাট্টার ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অভিনেতার স্ত্রী।
স্বামীকে ফাঁস থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মনমীতের স্ত্রী। প্রতিবেশীরা ছুটে এলেও তাঁর করোনা সংক্রমণ ঘটেছে ভেবে কেউ মনমীতকে ফাঁস থেকে মুক্ত করার জন্য এগিয়ে আসেননি। শেষে এক নিরাপত্তারক্ষী এসে ফাঁস খুলে দেহ উদ্ধার করেন।

