চলমান করোনা সংক্রমণের মধ্যেই লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ভিড় করেছেন রাজধানী ঢাকামুখী যাত্রীরা। এসময় তারা কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে উঠছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে এমন দৃশ্য দেখা গেছে। করোনা সংক্রমণের মধ্যেই চাকরি বাঁচাতে এভাবেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছে মানুষ।
অপরদিকে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি-এর দুই কর্মীর করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ঘাট এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস করেছে। সময়মত কাজে যোগদান না করলে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে। এ জন্য করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে জেনেও চাকরি বাঁচাতে জীবীকার তাগিদে ঢাকায় ফিরছেন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে।

