করোনাভাইরাস মহামারী আতঙ্কের মধ্যেই ‘আম্পান’ তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ। এ সামুদ্রিক ঝড় করোনার চাইতেও ভয়ঙ্কর রূপ দেখিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রামের পর গ্রাম হয়েছে ধ্বংস।
পশ্চিমবঙ্গের এ দুর্দশায় বলিউড কিং শাহরুখ খান দুর্দশাগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন। আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মাধ্যমে বাঙালিদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ।
বুধবার মীর ফাউন্ডেশনের সঙ্গে জোট বেঁধেছে কেকেআর। ‘আম্পান’ পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে পশ্চিমবঙ্গকে যৌথভাবে সহায়তা করবে তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে নাইট কর্তৃপক্ষ জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করবে তারা। একই সঙ্গে দুস্থদের সর্বাত্মক সহযোগিতা করবে কেকেআর। ক্ষণিকেই অনেককে গৃহহীন করেছে সুপার সাইক্লোন ‘আম্পান’। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের হাতে প্রয়োজনীয় নিত্যপণ্য ও সরঞ্জাম-কিট তুলে দেবে তারা।

