লন্ডনের উত্তরাংশের ক্যামডেন লক মার্কেটে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নেভাতে দশটি ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করছেন অগ্নিনির্বাপক বাহিনীর ৭০ জন কর্মী।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, সোমবার প্রথম প্রহরে আগুন লাগার পর পর্যটকদের কাছে জনপ্রিয় এই বিপণি বিতানের দ্বিতীয় থেকে চতুর্থ তলা জ্বলতে দেখা গেছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি লিখেছে, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। পাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
