ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস।
ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ। শেষ বারের মতো তিনি টস করতে নামলেন জিম্বাবুয়ে অধিনায়কের সঙ্গে। টস জিতে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।
আমন্ত্রন পেয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। দু’জনই আগের দুই ম্যাচে খেলেছেন দুর্দান্ত দুটি সেঞ্চুরির ইনিংস। প্রথম ম্যাচে লিটন অপরাজিত ১২৬ এবং দ্বিতীয় ম্যাচে তামিম খেলেন ১৫৮রানের ইনিংস।
এই দুই ব্যাটসম্যান একসঙ্গে জ্বলে ওঠা মানে প্রতিপক্ষের বারোটা বাজানো। দু’জনই আজ একসঙ্গে জ্বলে উঠলেন জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে। শুধু তাই নয়, সেঞ্চুরিও পূরণ করে ফেললেন লিটন দাস।
মাত্র ৫২ বলে ৫০ রানের জুটি গড়ে ফেলেন তামিম-লিটন। এরপর ১১০ বলে ছুঁয়ে ফেলেন ১০০ রানের জুটি। দারুণ মারমুখি দুই ওপেনার। ৮৪ বলে ৭৯ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল এবং ১১৬ বলে ১০২ রান ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি করলেন লিটন দাস। দলীয় রান এ সময় ৩৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮২। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ আছে।

