সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে বেচাকেনা। এদিকে উভয় স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে ৬ হাজার ৬৪ দশমিক ৪১ পয়েন্টে নেমে গেছে। ১০ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ১৯৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ৬ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে ১ হাজার ৩৩৩ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২০ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৭৬৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭৪৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ৯২ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১১৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৭ দশমিক ৮৫ পয়েন্টে নেমে গেছে। ৭৬ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৬ হাজার ৭১২ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৫ কোটি ২১ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৮ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৯৮২ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর।
