দীর্ঘদিন থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে বারবার আশ্বাস দেয়া সত্ত্বেও এতদিন নিলাম কেন্দ্র স্থাপনের কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী মাস নাগাদ দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র হিসেবে শ্রীমঙ্গলে এ কেন্দ্র কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।
সিলেট অঞ্চলে চা উৎপাদনের ইতিহাস বেশ পুরনো। ব্রিটিশ হার্ডসনের হাত ধরে ১৮৪৯ সালে উপমহাদেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় সিলেটের মালনিছড়ায়। এরপর একে একে গড়ে ওঠে খাদিমনগর, লাক্কাতুড়া, আলী বাহার চা বাগান ও আহমদ টি এস্টেটসহ শতাধিক চা বাগান। বর্তমানে সিলেট জেলায় ২০টি, মৌলভীবাজারে ৯৩টি এবং হবিগঞ্জে ২২টি চা বাগান রয়েছে।
খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতি বছর গড়ে সাত কোটি কেজি চা উৎপাদন হয়। শুধু সিলেট অঞ্চলে উৎপাদন হয় প্রায় ছয় কোটি কেজি চা। এর মধ্যে ৭৫ শতাংশ চা উৎপাদন হয় মৌলভীবাজারের বাগানগুলোয়। সিলেট অঞ্চলে উৎপাদিত চা নিলামের জন্য চট্টগ্রামে নিয়ে যেতে প্রতি বছর সবমিলে পাঁচ-ছয় হাজার ট্রাক ভাড়া করতে হয়। সে হিসাবে ট্রাকপ্রতি ২০ হাজার টাকা ধরলে বছর শেষে পণ্যটির সম্মিলিত পরিবহন ব্যয় দাঁড়ায় ১০-১২ কোটি টাকা। এর জের ধরে চায়ের দাম বেড়ে যায়। ক্রেতারা দেশে উৎপাদিত চায়ের প্রতি আগ্রহ হারান। এ কারণে শ্রীমঙ্গলে একটি আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের দাবি ওঠে। ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার সফরকালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।
তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়টি এতদিন ঝুলে ছিল। নীতিগত সিদ্ধান্তের পর চলতি বছরের ১২ সেপ্টেম্বর ব্রোকার্স অ্যাসোসিয়েশন গঠনসংক্রান্ত বিষয়ে চা ব্যবসায়ীদের নিয়ে বৈঠক আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব আবদুর রউফের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, চা বোর্ড এবং টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের এটাই ছিল প্রথম দৃশ্যমান উদ্যোগ। এরপর ২৪ নভেম্বর শ্রীমঙ্গলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) আয়োজনে চা নিলাম কেন্দ্র স্থাপন বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ বলেন, শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা। আশা করছি, আগামী ডিসেম্বরে এ আন্তর্জাতিক নিলাম কেন্দ্রটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
এ বিষয়ে টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ড. এ কে আবুল মোমেন বলেন, শ্রীমঙ্গলে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র স্থাপনের সব ধরনের অবকাঠামোগত সুবিধা রয়েছে। এছাড়া বাগান মালিক এবং ক্রেতাদেরও এখানে নিলাম কেন্দ্র স্থাপনে আগ্রহ রয়েছে। তাই এখানে চায়ের আন্তর্জাতিক নিলাম কেন্দ্র হলে সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন। এ উদ্যোগ একদিকে স্থানীয় উৎপাদনকারীদের মধ্যে পণ্যটির উৎপাদন বাড়াতে উত্সাহ জোগাবে। অন্যদিকে সিলেট অঞ্চলে উৎপাদিত চা নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যেতে হবে না। ফলে সময় ও পরিবহন ব্যয় কম লাগায় চায়ের দাম তুলনামূলক কমে আসবে। পরিবহনজনিত কারণে চায়ের মান নষ্ট না হওয়ায় ক্রেতাদের পাশাপাশি উৎপাদনকারীরাও লাভবান হবেন।
আরও পড়ুন; কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম
