শ্রীলঙ্কার সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে রাতভর গোলাগুলির পর ছয় শিশুসহ ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে।
শুক্রবার নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যেই স্থানীয় সময় সন্ধ্যায় বাত্তিকোলা শহরের দক্ষিণে আম্পারার সাইন্থুমারুথু এলাকায় সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয় বলে কর্মকর্তারা জানান। রাতভর চলা এ সংঘাতের এক পর্যায়ে চার বন্দুকধারী ও এক বেসামরিকের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
তবে অভিযান শেষে সকালে মোট ১৫ জনের মৃতদেহ পাওয়া যায়। এছাড়া বাত্তিকোলার যে জায়গায় এ গোলাগুলি হল, তার কাছের একটি স্থাপনাও রোববারের বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৫৩ জন নিহত হন, আহত হন পাঁচ শতাধিক মানুষ।
দক্ষিণ এশীয় এ দেশটিতে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্কও করেছে। জনসাধারণকে মসজিদ-গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ।

